মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত লাশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া পাকা জামে মসজিদের ভেতর থেকে ইমামের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত ইমামের নাম মো. ফেরদৌস ইসলাম (৩০); তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে ।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে রশিতে জুলন্ত অবস্থায় ইমাম ফেরদৌসকে দেখতে পান।

এরপর খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ধল্লা ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।