দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাতে শুক্রবার খবরটি নিশ্চিত করে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ থাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দ. আফ্রিকা থেকে ঘরে ফেরেন সাকিব। তবে বিসিবি আশা করেছিল, সিরিজের প্রথম টেস্টে না পেলেও দ্বিতীয় টেস্টে খেলতে পারেন ৩৫ বছর বয়সী তারকা। জানা গেছে, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন তিনি।
দ্বিতীয় টেস্টেও সাকিবের না খেলার প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সে (সাকিব) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছে না। সে আমাদের জানিয়েছে, পারিবারিক কারণে তাকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে।’
শুরুতে মানসিক ও শারীরিক অবসাদের কারণ দেখিয়ে দ. আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। পরে সিদ্ধান্ত পাল্টান। দলের সঙ্গে যোগ দেন দ. আফ্রিকায়। কিন্তু সিরিজের শেষ ওয়ানডের আগে জানা যায়, তার মা অসুস্থ এবং দুই কন্যাসন্তান নিউমোনিয়া আক্রান্ত। তিনজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার ক্যানসার আক্রান্ত শাশুড়ির অবস্থাও আশঙ্কাজনক।
ওই সময় বিসিবি সাকিবকে সুযোগ দেয় পরিবারের পাশে থাকার জন্য দেশে ফেরার। তবে দলের স্বার্থে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে জয়ের পাশাপাশি ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফেরেন সাকিব।
তবে আশা ছিল, ডারবান টেস্টে পাওয়া না গেলেও ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে দলে ফিরতে পারেন সাকিব। কিন্তু পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হচ্ছে সাকিবকে।