সবুজবাগে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দির এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বৌদ্ধ মন্দির ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

মৃত সোহেলার ভাগনি আনোয়ারা আক্তার জানান, তার বাড়ি জামালপুর ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামে। সিদ্ধেশ্বরী এলাকাতে একটি বাসায় কাজ করতেন তিনি। অবিবাহিতা সোহেলা থাকতেন ওই বাসাতেই।

তিনি জানান, গতকাল শুক্রবার সোহেলা মাদারটেকে তাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে আবার সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ভোরে বৌদ্ধমন্দির ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের আশপাশের কেউ নির্দিষ্টভাবে গাড়িটি সম্পর্কে জানাতে পারেনি বিধায় সেটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তে চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।