বেশি দামে মাংস বিক্রি চার ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় পঞ্চগড়ের বোদা উপজেলায় চার মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বোদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, বোদা বাজারের মাংস ব্যবসায়ী মতি, শহিদুল, মানিক ও বাবুল গরুর মাংস প্রতি কেজি ৬৮০ টাকা দরে বিক্রি করছিলেন। যদিও বোদা বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলেমান আলী বাজারে অভিযান পরিচালনা করেন। বেশি দামে মাংস বিক্রির অপরাধে তাদের প্রত্যেককে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।