নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস

আজ ৩ এপ্রিল, রবিবার জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। এরপর থেকে প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে। এ বছর দিনটি পড়েছে রমজানের মধ্যে। তারপরও দিনব্যাপী আয়োজনে দিনটি পালিত হচ্ছে। এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়েছে। এরপর প্রশাসনিক ভবনের সামনে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

এ ছাড়া এফডিসির ভিআইপি প্রজেকশন হলে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ। এর সভাপতিত্ব করবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

প্রতি বছরই এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয় চলচ্চিত্র দিবসে। চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উদ্‌যাপন করে দিবসটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উদ্‌যাপন করে।

উল্লেখ্য, ১৯৫৭ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।