বৈশ্বিক মহামারি করোনার কারণে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে টেস্ট পরিচালনার নিয়ম করেছিল আইসিসি। যাতে আম্পায়ারদের ভোগান্তি কম হয়।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্রিকেট মাঠে ফিরেছে দর্শকও। তবে এখনো সেই পুরোনো নিয়ম বহাল রেখেছে আইসিসি। এতে করে আম্পায়ারিং আদৌ নিরপেক্ষ হচ্ছে কী?
ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বনাম সফরকারী বাংলাদেশের মধ্যকার টেস্টে দিয়ে এই প্রশ্নটায় তুললেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে নেই টাইগার অলরাউন্ডার।
ম্যাচ রেফারি ছাড়া ডারবান টেস্টের বাকি সবাই দ. আফ্রিকান। তবে সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চটেছেন সাকিব। ৩৪ বছর বয়সী তারকার দাবি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন থেকে ম্যাচে যেন ফের নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার করা হয়।
বাংলাদেশ যখন প্রোটিয়া আম্পায়ারের বেশ কযেকটি ভুল সিদ্ধান্তের শিকার, তখন সাকিবের টুইট, ‘আমার মনে হয় আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ার নিযুক্তের দিকে ফেরা উচিত। যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সবগুলোতেই করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।’