গেম চেঞ্জার ইমরান খান, এখনো নটআউট: ওয়াসিম আকরাম

১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন ওয়াসিম আকরাম। সেবার প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় পাকিস্তান।

খেলোয়াড়ি জীবন শেষে দেশের হাল ধরেন ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের ক্ষমতায় আসেন তিনি। কিন্তু বর্তমানে বেশ দুঃসময়ের মধ্যে যেতে হচ্ছে ’৯২-এর নায়ককে।

রবিবার ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন দেশটির জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান। এই প্রস্তাবকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলেও আখ্যায়িত করেন তিনি।

ইমরান খানের সাবেক ক্রিকেট সতীর্থ ওয়াসিম আকরাম। জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা পর ইমরান খানের একটি ছবি টুইট করেছেন ওয়াসিম আকরাম। শুরু থেকেই ইমরানকে সমর্থন দিচ্ছেন ওয়াসিম আকরাম।

সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বর্তমানে একজন ক্রিকেট ধারাভাষ্যকার। তিন টুইট করেন, 'দ্য গেম চেঞ্জার ইমরান খান। এখনো নটআউট আছেন।'

পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোনো প্রধানমন্ত্রী নিজেদের ক্ষমতার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে পারেননি। কখনো খুন হয়ে, আবার কখনো বিরোধী দলের অনাস্থার মুখে পড়ে ক্ষমতা ছাড়তে হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীদের।

এমন দুঃসময়ে সাবেক সতীর্থকে কাছে পেলেন ইমরান খান। তাকে এখনো নেতা মানেন ওয়াসিম আকরাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের পাশে থাকার কথা আগেই জানিয়েছেন কিংবদন্তি পেসার।

শনিবার ওয়াসিম আকরাম ইমরান খানকে সমর্থন দিয়ে টুইট করেন, তিনি নেতৃত্ব দিতে, লড়াই করতে এবং জয়ের জন্য জন্মগ্রহণ করেছেন। তিনি যা করছেন তা নিজের জন্য নয়। খেলা এখনো শেষ হয়নি!