পর্যটন ও কৃষিতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে বিদেশি মুদ্রার সংকটে থাকা শ্রীলঙ্কা। গতকাল রবিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরতেœ।
এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ আকর্ষণীয় সুযোগ সুবিধা দিচ্ছে তার দেশ। শ্রীলঙ্কার বিপুল অনাবাদী কৃষিজমিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন বাংলাদেশি উদ্যোক্তারা। এছাড়া পর্যটন, শিপিং খাতের উন্নয়নেও বাংলাদেশের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। তিনি জানান, কলম্বো বন্দরে এখন চারটি হারবার রয়েছে। আধুনিক আরও সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের পণ্যবাহী বিদেশগামী জাহাজগুলোকে কলম্বো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ঋণে জর্জরিত হয়ে বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে দক্ষিণ এশিয়ার একসময়ের অন্যতম শক্তিশালী দেশ শ্রীলঙ্কা। এক দশক আগেও পর্যটননির্ভর দেশটির অর্থনীতি ভালো অবস্থায় ছিল। কিন্তু ঋণ পরিশোধে ব্যর্থতা, করোনা ও এর পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। জ্বালানি তেল সংকটের পাশাপাশি দেশটিতে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। এতে জনবিক্ষোভ তৈরি হয়েছে সেখানে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার হাইকমিশনার দেশটিতে বিনিয়োগের আহ্বান জানালেন।
সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দু’দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহজ হবে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়ে সভাপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয়। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা করলে তা বেশি লাভজনক হয়।
নাফটা, আসিয়ানের আন্তঃবাণিজ্যের প্রসঙ্গ তুলে সভাপতি বলেন, সাফটা কার্যকর হলে সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এফবিসিসিআই সভাপতি।
সভায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নার্সিং প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী।
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।