উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

কক্সবাজারের উখিয়া ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এ সময় ব্র্যাকের  একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক।

তিনি জানান, দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে ক্যাম্পে অবস্থিত ব্র্যাকের  একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়। তবে এখনো আগুনের সূত্রপাত কোথা থেকে হলে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থীশিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।