সোমেশ্বরীতে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে ছাত্র নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লাকড়ি (গাছের ঢালপালা) ধরতে সোমেশ্বরী নদীতে নেমে জিহাদ মিয়া (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সোমবার বেলা ১২টা দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী একই ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। নিখোঁজের তিন ঘণ্টা (বিকেল ৪টার পর্যন্ত) হয়ে গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি শিক্ষার্থী জিহাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। গত রবিবার সেখান থেকে বাড়িতে আসেন তিনি। সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে স্থানীয়দের সঙ্গে নদীতে নামে। লাকড়ি ধরার একপর্যায়ে জিহাদ নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্যান্যরা বিষয়টি জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে জানায়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসেদুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে তারা আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।