দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ডারবান টেস্টের পঞ্চম ও শেষদিনে উল্টো দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
প্রোটিয়াদের ২৭৪ রান তাড়া করতে নেমে ২২০ রানে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একধাপ নিচে নেমে গেল টাইগাররা। কেবল তা নয়, ভারতের একটি সুযোগও নষ্ট করে দিল বাংলাদেশ।
মুমিনুল হকরা জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দুই নম্বরে উঠে যেত ভারত। কিন্তু দুর্দান্ত জয়ে দুইয়ে থাকাটা আরও মজবুত করল দ. আফ্রিকা। উল্লেখ্য, এই তালিকার শীর্ষ ও দুইয়ে থাকা দল খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
দাপুটে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার পাশে। এই পয়েন্টের সুবাদে ৪৮ পয়েন্ট এবং ৬৬.৬৬ শতাংশ পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) নিয়ে দুইয়ে থাকল প্রোটিয়ারা।
অন্যদিকে ১২ পয়েন্ট ও ২০.০০ পিসিটি নিয়ে নবম স্থানে বাংলাদেশ। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭২, পিসিটি ৭৫.০০। বাংলাদেশর নিচে আছে কেবল ইংল্যান্ড। এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট জিতেছে ইংলিশরা। হেরেছে সাত টেস্ট। ১০ পেনাল্টি ওভারের জন্য ইংল্যান্ডের পয়েন্ট এসে ঠেকেছে ১৮-তে। তাদের পিসিটি ১২.৫ শতাংশ।