টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুস সামাদ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
তার বাড়ি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে প্রবাসী ও ছোট ছেলে রাজমিস্ত্রীর কাজ করেন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে তারাবির নামাজের জন্য বাড়ি থেকে বের হন তিনি। নামাজ শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে। পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দূর-দূরান্তের আত্মীয়-স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে সোমবার সকাল ৮টায় বাড়ির পাশে একটি জয়না গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সখীপুর থানা পুলিশের সহযোগিতায় ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
ওই কৃষকের ছোট ছেলে জুয়েল বলেন, বাবা বেশ কিছুদিন থেকে ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি। কারো সঙ্গে ভালো-মন্দ তেমন কোনো কথা বলেনি। চুপচাপ থাকত।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রেজাউল করিম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।