রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনে চাপের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।
বেশ কিছুদিন ধরে বহরে থাকা ১৯টি ফেরির মধ্যে বর্তমান ২টি ফেরি বিকল হয়ে আছে। ফলে এই অতিরিক্ত যানবাহনে পারাপারের জন্য ১৭ ফেরি দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত দীর্ঘ কিলোমিটার এলাকাজুড়ে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে শত শত পণ্যবাহী যানবাহন। একদিকে প্রখর রোদ অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে বিভিন্ন গাড়ির চালক ভোগান্তির শিকার হচ্ছেন।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বর্তমানে ছোট-বড় মোট ১৯টি ফেরি রয়েছে। তার মধ্যে ২টি ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য পাটুরিয়ার মধুমতি ডকইয়ার্ডে ও অন্যটি নারায়ণগঞ্জে মেরামতে রয়েছে। উভয় ঘাটে ফেরি কম থাকায় যানবাহনের সারি তৈরি হয়েছে।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ট্রাকচালক সুদীপ মন্ডল বলেন, জীবনটাই এখন ট্রাকের ভেতরে পার করতে হচ্ছে, আমাদের কষ্টের কথা বলে কি লাভ, এই সব বলে কোনো লাভ হবে না। ঘাটে এলে ভোগান্তিতে পড়তেই হবে, তা ছাড়া বর্তমানে ঘাটে দালালদের কারণে বেশি সমস্যা হচ্ছে, এই সব বিষয়ে সবাই জানে কিন্তু পদক্ষেপ কেউ নেয় না।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংকটের পাশাপাশি অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়া ঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২টি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। মেরামত শেষে বহরে ফিরে এলে এই নৌরুটে ফেরির কোনো সংকট থাকবে না।
তিনি আরও বলেন, কাঁচামাল ও ফলের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।