চেয়ারম্যানের জামাতার বাড়িতে টিসিবির ৫৬৪ লিটার তেল

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ইউনিয়ন চেয়ারম্যানের জামাতার বাড়ি থেকে ৫৬৪ লিটার ভোজ্যতেল এবং ৪৪৭ কেজি ডাল ও চিনি উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মদকপাড়ার বখতিয়ারের বাড়ি থেকে এসব পণ্য উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। বখতিয়ার টিসিবির ডিলার এবং উপজেলার কৈজুরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকনের ভাতিজি জামাই। পণ্যগুলো গত সোমবার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে বিক্রির কথা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, পণ্যগুলো ডিলার মেসার্স বখতিয়ার এন্টারপ্রাইজের মাধ্যমে টিসিবির কার্ড হোল্ডারদের কাছে সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও সে ২৫০টি কার্ডের পণ্য বিক্রি না করে নিজ বাড়িতে রেখে দেন। বিষয়টি জানতে পেরে সোমবার রাত ১০টার দিকে বখতিয়ারের বাড়ি থেকে পুলিশ নিয়ে পণ্যগুলো জব্দ করে থানা হেফাজতে পাঠিয়ে দেই। তবে এ সময় বখতিয়ারকে বাড়িতে পাওয়া যায়নি। বখতিয়ারের ডিলারশিপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শাহজাদপুর থানার এসআই পিযুষ সাহা বলেন, ‘ডিলার বখতিয়ারের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।’