মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য ও কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ, চুয়াডাঙা ও টাঙ্গাইলে এসব দুর্ঘটনা ঘটে। এদিন নাটোরের নসিমন উল্টে মারা গেছেন এক গরু ব্যবসায়ী। সব মিলিয়ে গতকাল সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে বাসের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মিনা (১৮), তানভির মোল্লা (১৯) নিহত হন। নিহত তানভির গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। তাদের উভয়ের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভা-ারখোলা গ্রামে। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের রাজা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক (৫৮) দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামে তার বাড়ি।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর দুই কলেজছাত্র এবং পথচারী এক নারী ও তার শিশু ছেলে আহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী নিহত কলেজছাত্র ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার আবদুল কুদ্দুছ শেখের ছেলে শেখ মো. শরিফুল ইসলাম (১৭)। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল আরোহী ও আহত অপর দুজন উপজেলার যমুনা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।
এদিকে নাটোরের গুরুদাসপুরে গরুবোঝাই ভটভটি উল্টে ফয়েজ উদ্দিন (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালবাড়িয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ উদ্দিন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের মাহমুদের ছেলে।