রূপপুরে জেনারেটর স্টেটার স্থাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জেনারেটরের স্টেটার গত মঙ্গলবার সফলভাবে স্থাপন করা হয়েছে। টার্বাইনের মাধ্যমে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। আর জেনারেটরের স্টেটারের কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা। গতকাল বুধবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সেই ডেইরি বলেন, বিদ্যুৎকেন্দ্রের সব যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার ৪৪০ টনের বেশি সবচেয়ে ভারী। কেন্দ্রের নকশা অনুযায়ী স্টেটার স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপন প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত,  টিজেডভি-১২০০-২  মডেলের টার্বাইন জেনারেটর নকশা ও নির্মাণ করেছে ‘পাওয়ার মেশিন্স’ নামের  একটি প্রতিষ্ঠান। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে যার মধ্যে অগ্নিনিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ক্ষমতার ভার বহন করার সক্ষমতা।

রূপপুর প্রকল্পে থার্ড জেনারেশন বা তৃতীয়  প্রজন্মের  রাশিয়ার ভিভিইআর-১২০০ মডেলের মোট দুটি ইউনিট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে, যার সম্মিলিত ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে ২০২৪ সালে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা রয়েছে।