বাগেরহাটের রামপালে ধান খেতে হাঁস যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার উজুলকুড় গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন ওমর ফারুক ও তার ভাই মো. মিজান (৪৮)। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফারুক উজুলকুড় গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত ওমর ফারুকের খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ বলেন, ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ওমর ফারুকের সাথে তার প্রতিবেশী ও নিকট আত্মীয় আলীর সাথে বাগ্বিতণ্ডা ও ঝগড়া হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঝগড়া থেমে গেলে ওমর ফারুক মসজিদে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় আলী, কামাল, মোহাম্মদ ও জামাল ওমর ফারুকের উপর হামলা চালায়। আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, জমিতে হাঁস যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।