টিপু হত্যায় গ্রেপ্তার আরও দুজন, ৫ দিনের রিমান্ডে

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যায় জড়িত অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার রাজধানীর মুগদা ও শাহজাহানপুর এলাকা থেকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেনমো. নাসির হোসেন মানিক (৪৭) ও মো. মারুফ খান (২৮)। এ নিয়ে টিপু হতায় জড়িত অভিযোগে গতকাল পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হলো। তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে ডিবি। এদের মধ্যে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার গ্রেপ্তার হওয়া নাসির হোসেন ও ফারুক খানকে গতকাল ঢাকার মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, টিপু হত্যাকাণ্ডের সমন্বয়কারী সুমন শিকদার মুসাসহ অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। তারা গ্রেপ্তার না হওয়ায় দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি দেশ রূপান্তরকে বলেন, ‘টিপু হত্যাকাণ্ডে আরও অনেকে জড়িত। তারা এখনো গ্রেপ্তার হয়নি। বিশেষ করে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ অনেকে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।’