ছয় দাবিতে রানা প্লাজার আহত শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের পুনর্বাসন ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিকরা।

শুক্রবার সকাল ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে আহত শ্রমিকদের সংগঠন 'সাভার রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন' আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। 

দাবিগুলো হল- রানা প্লাজায় আহত শ্রমিকদের এক জিবনের ক্ষতিপূরণ, শ্রমিকদের পুনর্বাসন, আজীবন চিকিৎসার ব‍্যবস্থ‍া, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সকল দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা ও ২৪শে এপ্রিলকে শ্রমিক হত‍্যাকান্ড দিবস ঘোষণা করা।

কর্মসূচিতে অংশ নেয়া আহত শ্রমিক নিলুফার ইয়াসমিন বলেন, রানা প্লাজার ৫ম তলায় কাজ করতেন তিনি। রানা প্লাজা ধসের ঘটনায় পা, কোমর, মেরুদণ্ড এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে চিকিৎসা চালাতে পারছেন না। 

নিলুফার বলেন, অমার অসুস্থতার কারণে ৫ বছর ধরে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। পঙ্গু শরীর নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বাধ‍্য হয়ে অল্পবয়স্ক ছেলেকে কাজে পাঠিয়েছি। শুধু আমি না আমাদের মত হাজারো আহত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। 

সাভার রানা প্লাজা সার্ভাইভার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও রানা প্লাজায় আহত শ্রমিক মাহমুদুল হাসান হৃদয় বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় আমাদের ১১৩৬জন সহকর্মী মারা যায় এবং আমরা হাজার হাজার শ্রমিক আহত হই। দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাদের দাবিগুলো পূরণ হয়নি।