পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে সফলতা পায়নি বাংলাদেশ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে টাইগারদের নির্বিষ বোলিংয়ের সামনে শতক পেরোনো সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে ব্যাটিংয়ে সাবধানী শুরু করে প্রোটিয়ারা। স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। দলীয় ৫২ রানে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভস বন্দী হন সারেল এরউই (২৪)।
তবে দুর্দান্ত ব্যাটিংয়ে হ্যাটট্রিক ফিফটি উদ্যাপন করেন ডিন এলগার। ডারবানে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৬৭ ও ৬৪ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার-অধিনায়ক। পোর্ট এলিজাবেথ টেস্টে ৮০ বলে ৫৯ রানে ব্যাট করছেন এলগার। তাকে সঙ্গ দিচ্ছেন কিগান পিটারসেন (২৪)।
প্রথম ইনিংস শুরু করে ২৮ ওভারে ১ উইকেটে ১০৭ রান করেছে দ. আফ্রিকা। টাইগারদের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। ডারবান টেস্টে বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক দল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের একাদশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল ও স্পিনার তাইজুল ইসলাম। তবে পরিবর্তন আনেনি প্রোটিয়ারা। দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তামিমকে জায়গা ছেড়ে দিয়েছেন ওপেনার শাদমান ইসলাম। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তাইজুল।