দিয়াবাতের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে উড়িয়ে দিল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মালিয়ান স্ট্রাইকার সোলেয়মান দিয়াবাতের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে ৩৩তম মিনিটে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৪১তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ফরহাদ মোনা। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফিলিপ আদজাহর গোলে সমতায় ফেরার স্বপ্ন দেখে রহমতগঞ্জ।

তবে তাদের সেই আশা শেষ করে দেন দিয়াবাত। বিরতি থেকে ফিরেই আরও দুই গোলের দেখা পান তিনি। ৪৮ ও ৫১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। ৭০তম মিনিটে রহমতগঞ্জের জালে শেষ বলটি পাঠান জাফর ইকবাল।

এই জয়ে চলতি বিপিএল তালিকায় পঞ্চম স্থানে উঠে এলো মোহামেডান। শন লেনের শিষ্যদের পয়েন্ট ১১ ম্যাচে ১৭। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা পিছিয়ে আছে ৯ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ।