৬ গোল ও ২ লাল কার্ডের ম্যাচে মুক্তিযোদ্ধাকে ‍রুখে দিল সাইফ

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাব। তবে ৬ গোল ও ২ লাল কার্ডের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল।

তিনবার এগিয়ে গিয়েও জিততে পারেনি মুক্তিযোদ্ধা। দুর্দান্তভাবে প্রতিবার সমতায় ফেরে সাইফ। তার মধ্যে যোগ করা অতিরিক্ত চতুর্থ ও দশম মিনিটে দুই কার্ড দেখে বসে মুক্তিযোদ্ধা। গোলরক্ষক মোহাম্মদ রাজীব দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর সরাসরি লাল কার্ড দেখেন বদলি হিসেবে মাঠে নামা তরিকুল ইসলাম।

তার আগে ৬ গোলের রোমাঞ্চ উপহার দিল দু’দল। তার মধ্যে প্রথমার্ধেই হয়েছে ৫ গোল। ম্যাচের ৯ম মিনিটে সুয়াকি মিসাওয়ার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ২১তম মিনিটে সাইফকে সমতায় ফেরান সাজ্জাদ হোসেন শাকিল। এর ৬ মিনিট পর দিদারুল আলমের গোলে ফের লিড নেয় মুক্তিযোদ্ধা।

তবে এবারও বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি সাইফকে। ৩১তম মিনিটে দলকে সমতায় ফেরান মোহাম্মদ রিয়াদুল হাসান রাফি। ৩৫তম মিনিটে আবারও গোলের দেখা পায় মুক্তিযোদ্ধা। এবারের গোলটি করেন আমিনুর রহমান সজীব। সাইফের হয়ে দ্বিতীয়ার্ধে সেই গোলটি শোধ করেন এমফন উদোহ।

এই ড্রয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১০ম স্থানে আছে মুক্তিযোদ্ধা। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৭। সাতে থাকা সাইফের পয়েন্ট ১১ ম্যাচে ১৫। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।