বিদেশে আ.লীগের কোনো প্রভু নেই : কাদের

বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাইÑ বিদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো প্রভু নেই।’ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’Ñ বঙ্গবন্ধুর নির্দেশিত এই পথেই আওয়ামী লীগ সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করে। যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থই মূল বিবেচ্য বিষয়।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। নিজেদের অপকর্ম আড়াল করে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে এ বিবৃতি দেন কাদের।

আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস জানিয়ে কাদের বলেন, আর এদেশের মানুষের হৃদয়ের আবেগ ও অবিভাজিত বোধের এক অপরাজেয় শক্তির নাম আওয়ামী লীগ, যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারও কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের কল্যাণ কিংবা দেশের স্বার্থ রক্ষায় আপসহীন মনোভাব পোষণ করায় শেখ হাসিনাকে বারবার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। অন্যদিকে বিএনপির রাজনীতিতে বিদেশনির্ভরতা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাদের নেতা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পালিয়ে থেকে আয়েশি জীবনযাপন করছে। এমনকি কোনো কোনো দেশের (ভারত) সরকার পরিবর্তনের সাথে সাথেই ঢাকায় তাদের দূতাবাস খোলার আগেই তাদের নেতারা ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়।

তিনি বলেন, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লোটার অপচেষ্টাও করেছে বিএনপি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশি-বিদেশি চক্রের যোগসাজশে যেকোনো উপায়ে তারা ক্ষমতা দখল করতে চায়।

দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে কাদের বলেন, নির্বাচনে কাউকে আনা না আনা সরকারের দায়িত্ব না। আইন অনুযায়ী, নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। তবে আমরা প্রত্যাশা করি, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে।

আওয়ামী লীগ যেকোনো উপায়ে শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে দাবি করেন কাদের।