হৃদয় মণ্ডলের মুক্তি চেয়ে জাফর ইকবাল

আমাকেও গ্রেপ্তার করা হোক

মুন্সীগঞ্জে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া প্রতিক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক এই অধ্যাপক বলেছেন, হৃদয় চন্দ্র মণ্ডলকে মুক্তি না দেওয়া হলে তাকেও যেন গ্রেপ্তার করা হয়।

জাফর ইকবাল তার প্রতিক্রিয়ায় বলেন, মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডলের সঙ্গে যা হয়েছে তা আমার জন্য অত্যন্ত দুঃখের। দুঃখের এই কারণে যে, আমি শিক্ষকতা জীবনে বিজ্ঞানই পড়িয়েছি ছাত্রছাত্রীদের। আরও বেশি দুঃখের কারণ এই জন্য যে, দশম শ্রেণির বিজ্ঞান বই যেটি বাংলাদেশের হাইস্কুল পর্যায়ে পড়ানো হয় সেটি সম্পাদনার সঙ্গে আমি জড়িত। আমার সম্পাদনা বা রচিত একটি বই বাচ্চাদের যেখানে এইসব প্রশ্নের উত্তর দিতে পারেনি, এই বই পড়ান এমন একজন শিক্ষককে কারাগারে যেতে হয়েছে, এই দুঃখের তো কোনো শেষ নাই। আমি শুধু একটি কথাই বলতে চাই, শিক্ষক হৃদয় মণ্ডলকে সসম্মানে মুক্তি দিতে হবে। নইলে আমাকেও যেন গ্রেপ্তার করা হয়।

জাফর ইকবাল ছাড়াও ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক ড. আব্দুস সামাদ এবং অধ্যাপক ড. আসিফ নজরুল।