বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ১৫ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত গতকাল শুক্রবার ভোর থেকে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবহন দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৪ জেলার যানবাহন চলাচলে বিঘ্নর পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকার খানাখন্দে পড়ে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে যায়। এ ছাড়া নলকা সেতুর নিচের উত্তর দিক থেকে মাটিবাহী ড্রামট্রাক রাস্তা পারাপারের কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে এ যানজট শুরু হয়। এক পর্যায়ে তা পুরো মহাসড়কে ছড়িয়ে পড়ে। রাতেই বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও যানজট স্বাভাবিক হয়নি। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের বরাত দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ খানাখন্দগুলো সংস্কার করা হবে। এটি সংস্কার হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুস সালেক জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডা মোড়, সীমান্ত বাজার, নলকা সেতু ও পাঁচলিয়া এলাকায় যানবাহনের বেশি জট তৈরি হয়েছে। যানবাহনগুলো এক লেনে চলাচল করছে। মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হচ্ছে।