লক্ষ্মীপুরে বাসে ঘুমন্ত সুপার ভাইজারকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ইকোনো বাসের ভেতর সুপার ভাইজার রিয়াদ হোসেন লিটনকে (৩৫) ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গাড়ির চালক নাহিদকে পুলিশ আটক করলেও এখনো পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি তারা।

নিহত ব্যক্তি সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ইকোনো (ঢাকা মেট্রো-ব ১৫-০১০৩) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এসে দাঁড়ায়।

গাড়িতে নতুন একজন হেলপার, সুপার ভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন বলে জানায় পুলিশ।

 এ সময় চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপার ভাইজারকে রেখে বাসায় ফেরেন। সুপার ভাইজার ও নতুন হেলপার গাড়িতে ঘুমিয়ে পড়েন।

পরে রাত ৪টার দিকে চালক এসে গাড়ির ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দিলে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউ।

পুলিশ গাড়ির চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নেয়। তিনি রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।

সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইকোনো গাড়ির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’

তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।