‘রক্তাক্ত পা’ নিয়েই ৯০ মিনিট খেলে গেলেন রোনালদো

ম্যাচ শেষে মোজা নামিয়ে পা’টা দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাজে ট্যাকলে সৃষ্টি হয়েছে গভীর ক্ষত। জমেছে রক্তও। এই আহত পা নিয়েই এভারটনের বিপক্ষে পুরো সময় খেলে গেলেন পর্তুগিজ উইঙ্গার।

কিন্তু গুডিসন পার্কে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। ২৭তম মিনিটে এভারটনকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। বাকি সময় চেষ্টা করেও ইউনাইটেডকে সমতায় ফেরাতে পারেননি রাল্ফ রাংনিকের দল।

এই জয়ে অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রাখল এভারটন। ৩০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে টফিসরা। অন্যদিকে শঙ্কায় পড়ে গেল আগামী মৌসুমে রোনালদোর চ্যাম্পিয়নস লিগে খেলাও।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সাতে আছে ইউনাইটেড। লিগের শীর্ষ চারে থাকতে না পারলে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়েও খেলা হবে না রেড ডেভিলদের।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল এভারটন। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয় দেখেনি ইউনাইটেড।

এভারটনের বিপক্ষে হারল ম্যানচেস্টার ইউনাইটেড