ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামের দাউদ হোসেন ও আবদুস সাত্তার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেওয়ার জন্য সীমানা দিতে যায়। এ সময় আবদুস সাত্তারের পরিবারের লোকজন বাধা দেয়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আবদুর রহিম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।