ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু হয়েছে। তবে এবারের নির্বাচনে রাজনৈতিক এজেন্ডা খুব বেশি চোখে পড়েনি। এই নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রার্থী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে বেশ আশাবাদী তিনি। ডানপন্থি নেতা মেরি লে পেনকে বেশ উদ্যমের সঙ্গেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। প্রথম দফার নির্বাচনে জয়ী দুই প্রার্থী আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবেন। ২০১৭ সালেও একই পদ্ধতিতে ভোট হয়েছিল এবং সে সময় ভূমিধস জয় ছিনিয়ে আনেন ম্যাক্রোঁ। দেশটির ৪ কোটি ৮৭ লাখ মানুষ ভোটে অংশ নিচ্ছেন। দেশটিতে সমাজতন্ত্রী এবং মধ্য-ডানপন্থিরা ১৯৫০-এর দশক থেকে ক্ষমতায় ছিল। কিন্তু সেই পুরনো মডেল এখন ভেঙে গেছে। ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের জনপ্রিয়তা হারানো এবং রিপাবলিকান দলের প্রার্থীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের ফলে কখনোই ফরাসি সংসদে প্রতিনিধিত্ব না করা প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য চূড়ান্ত প্রার্থী হওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে।

মধ্যপন্থি ইমানুয়েল ম্যাক্রোঁ অথবা উগ্র-ডানপন্থি মেরি লে পেন, যেই নির্বাচিত হোক না কেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্টের একটি মূল এজেন্ডা থাকবে পরিবর্তন আনা। উগ্র-ডানপন্থিরা এরই মধ্যে আটটি শহরের ক্ষমতায় আছে এবং ইউরোপীয় সংসদে তাদের ২০ জন সদস্য আছে; যদিও মূলধারার রাজনীতি তাদের সবসময়ই অবজ্ঞা করেছে।