নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার হাটাবো দক্ষিণ বারৈ এলাকায় ডাকাতির এসব ঘটনা ঘটে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে এক ডাকাতকে।
ভুক্তভোগীরা জানান, শনিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার হাটাবো দক্ষিণ বারৈ এলাকার করিম মাস্টারের বাড়ির গ্রিল কেটে ২৫-৩০ জনের একদল ডাকাত পিস্তল, শটগান ও ধারালো অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে। এসময় তারা করিম মাস্টারের ছেলে সুমন মাস্টারসহ পরিবারের অন্য সদস্যদের বেঁধে মারধর করে ১১ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরে ডাকাতরা মমতাজ উদ্দিন নামে আরও এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে প্রবেশ করলে মমতাজ উদ্দিনের ছেলে মাসুম ও ফারুকের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা মাছুমকে শটগান দিয়ে গুলি করে। এসময় ডাকাতরা পরিবারের নারীসহ অন্য সদস্যদেরও কোপায়। গুরুতর অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতরা ওই বাড়ি থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুটে নেয়। এসময় মমতাজ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন এগিয়ে গেলে ডাকাতরা তাকেও কোপায়।
এরপর ডাকাতরা তমিজ উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পরিবারের সবাইকে বেঁধে তিন ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ভুলতা পুলিশ ফাঁড়ির সঠিক তৎপরতা না থাকায় এ ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ডাকাতির সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি এএফএ সায়েদ বলেন, ডাকাতির ঘটনায় পুলিশ উপজেলার তামারটেক হাটাবো এলাকার আলমের ছেলে সাকিবকে (২২) গ্রেপ্তার করেছে। লুটকৃত মালামাল উদ্ধার ও বাকি ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।