স্কুলছাত্রীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। গত শনিবার ঢাকা, মাদারীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৬ মার্চ রাতে ধর্ষণের ঘটনায় শিশুর বাবা ৬ এপ্রিল কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গ্রেপ্তাররা হলো গোপাল বাড়ৈ, বরুণ বালা, অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈ। মাদারীপুর র‌্যাব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, ঢাকার শাহবাগ থেকে ১নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে মাদারীপুরের শিবচর থেকে বরুণ এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি মাছের ঘের থেকে অটল ও প্লাবনকে গ্রেপ্তার করা হয়।