ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালের দিকে ঘটনা দুটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে নুসাইবা (৬) ও রোজামনি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদরের মাঝিকারা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোজামনি ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং নুসাইবা মনির হোসেনের মেয়ে।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বলেন, ‘শিশু দুটির বাড়ি পাশাপাশি। বেলা ১১টার দিকে তারা বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে স্থানীয় পাইলট স্কুলসংলগ্ন পুকুরে ডুবে যায়।
এদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সানি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সানি একই গ্রামের সোহেল মিয়া ও সুমা আক্তার দম্পতির একমাত্র ছেলেসন্তান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে সানি খেলারত অবস্থায় কোনো এক ফাঁকে ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ের বাড়ির পেছনের ডোবায় শিশুটিকে ভাসতে দেখেন তার মা।