চাঁদাবাজি বন্ধের দাবিতে পানচাষিদের মানববন্ধন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারে পানচাষিদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় পানচাষিরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে কৃষক নজরুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা শতকরা ৫ টাকা হারে টাকা চাঁদা নিচ্ছে। আমরা প্রতিবাদ করলে পান বিক্রি করতে পারি না। দ্রুত এ চাঁদাবাজি বন্ধ করতে হবে।

আলম হোসেন নামে এক কৃষক বলেন, ভবানীপুর পানবাজারে খাজনা দেওয়ার পরও স্থানীয় সিন্ডিকেট ও ব্যবসায়ীদের শতকরা ৫ টাকা হারে চাঁদা দিতে হয়। বছরের পর বছর ধরে এভাবে চাঁদাবাজি করে আসছে চক্রটি। প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি।

ঝিনাইদহ জেলা কৃষি বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান বলেন, ওই বাজারে একটি কমিটি করে দেওয়া আছে। যার দায়িত্বে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি তিনি দেখভাল করবেন। যদি এভাবে টাকা নিয়ে থাকে তাহলে দ্রুত বন্ধ করা দরকার।

এ ব্যাপারে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, বিষয়টি আমি জানি। শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছিলাম। এটি যাতে বন্ধ হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।