আখরোটের উপকারিতা

ডায়েটের তালিকায় রাখতে পারেন আখরোট। বাদামজাতীয় এই খাবারে রয়েছে ওমেগা থ্রি, ফাইবারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। আখরোট গোটা বা সালাদে মিশিয়ে খেলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাওয়া যায়। শরীরে পুষ্টি সরবরাহ ছাড়াও অনেক উপকারে আসে আখরোট। জেনে নেওয়া যাক আখরোটের গুণাগুণ

হার্ট ভালো রাখে : আখরোট হলো এমন এক খাবার যার মধ্যে রয়েছে ভালো ফ্যাট। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা থ্রি। এই দুটি খাদ্য উপাদান হার্ট ভালো রাখে।

হজম ঠিক রাখে : পেট ভালো রাখার কাজটি অনায়াসে করতে পারে আখরোট। এতে থাকা বিভিন্ন উপাদান অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়াকে সাহায্য করে। ফলে খাবার ঠিকমতো হজম হয়।

মুড ভালো করে : আমরা প্রায়ই নানা ধরনের চাপে থাকি। অত্যধিক চাপ শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে। তাই মুড ভালো রাখতেই হবে। মুড ভালো রাখার কাজে সহায়ক হতে পারে আখরোট। এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মুড ভালো রাখতে পারে।

ওজন কমাতে পারে : খিদের কাছে হার মেনে বারবার খেতে থাকলে শরীরের ওজন বেড়ে যায়। ওজন কমাতে চাইলে আখরোট খাওয়া যেতে পারে। এতে ক্যালরি বেশি থাকলেও খিদে পাওয়ার প্রবণতা কমায়।

রোগ দূরে রাখে : সাধারণ সর্দি-কাশি-জ্বর থেকে বাঁচতে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর এজন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। আখরোটে রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-ই। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।