জীবন গঠনের মাস রমজান

জীবন সুন্দর হোক সেটা কে না চায়? কিন্তু চাইলেও সেটা অনেক সময় হয়ে ওঠে না। আমরা নিজেকে পরিশুদ্ধ করব বলে প্রায়ই ভাবি। কিন্তু পার্থিব জীবনের নানা চক্রে পড়ে সেটা আর সম্ভব হয় না। তবে কিছু উপলক্ষ এমন আছে যখন চাইলেই আমরা জীবনকে যথাযথভাবে সাজাতে পারি। আর এর সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো মাহে রমজান। কারণ মানুষের জীবন সাজানোর সব উপকরণ ও ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রেখেছেন। কুপ্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকায় মানুষের সব প্রচেষ্টাই এই মাসে ফলপ্রসূ হয়।

রমজানের উদ্দেশ্যও হলো মানুষের জীবন পরিশুদ্ধ করা। হৃদয়ের যত কামভাব আছে তা দূর করে মুমিনজীবনে নতুন গতি আনাই রোজার দাবি। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জন করতে পারে। কারণ ক্ষুধা ও পিপাসার কারণে জৈবিক ও পাশবিক ইচ্ছায় ভাটা পড়ে। পশুত্ব নিস্তেজ হয়ে যায়। তখন অন্তর বিগলিত হয় রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায়। মহৎ এই উদ্দেশ্যের কারণেই সিয়াম আল্লাহর কাছে অতি প্রিয়। রোজাদারের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন বলে ঘোষণা করেছেন।

রমজানের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে একজন মুমিন তার জীবনের সার্থকতা খুঁজে পেতে পারে। অল্প দিনের বিচরণস্থল এই দুনিয়ায় অনন্ত জগতের পাথেয় সংগ্রহ করার জন্য রমজানের চেয়ে বেশি সম্ভাবনা আর কিছুতেই নেই। এজন্যই হজরত রাসুলুল্লাহ (সা.) আক্ষেপ করে বলেছেন, ‘যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার জীবনের বিচ্যুতিকে ক্ষমা করাতে পারল না সে বড়ই দুর্ভাগা!’ -সহিহ বোখারি 

সত্যিকারের আদর্শ মানুষ হতে হলে সিয়াম সাধনার কোনো বিকল্প নেই। রমজান মাসের প্রশিক্ষণ মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘যে নিজেকে পবিত্র করবে, সেই সফলকাম হবে। আর যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে সে ব্যর্থ হবে।’ -সুরা আশ-শামস : ৯-১০

প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের সময় যেমন প্রতিটি বিষয়ে সতর্ক থাকতে হয়, কোনো বিচ্যুতি হয়ে গেলে প্রশিক্ষণের ফলাফলে যেমন এর প্রভাব পড়ে; তেমনি রমজানে সিয়াম সাধনার প্রশিক্ষণেও মুমিনকে সতর্ক থাকতে হবে। কোনো অসংলগ্নতা যেন সিয়াম সাধনার ফলাফলে চিড় না ধরায় সেদিকে নজর রাখতে হবে। ব্যক্তিগত খেয়ালখুশি মতো রোজা পালন করলে চলবে না। তাছাড়া রোজার সর্বোচ্চ প্রাপ্তি যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রোজা যেন কবুল হয় এবং এর শিক্ষা যেন জীবনে বাস্তবায়ন করা যায় সেজন্য আল্লাহর দরবারে প্রার্থনাও জানাতে হবে।

লেখক : আলেম ও ধর্মীয় নিবন্ধকার