বাংলাদেশ সীমান্তে ভারতীয়র গুলি খাওয়া লাশ

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে বাংলাদেশ অংশে এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সেরাজুল হক (৩৭)। গতকাল রবিবার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের সীমান্ত পিলার ৯২৪/১১ এবং ১২-এস-এর মধ্যবর্তী স্থানে লাশটি পড়ে ছিল। তার বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার টুতিয়ারখুটি এলাকায় বলে জানা গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। তারা বলছে, সেরাজুল গরু পারাপারের সঙ্গে যুক্ত ছিল। রাতে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশি ভেবে ভারতীয় বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তবে এ নিয়ে বিজিবি ও বিএসএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, গতকাল সকাল ৮টার দিকে দুর্গাপুরের ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা। পরে বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। মরদেহ উদ্ধার করে আদিতমারী থানায় নেওয়া হয়েছে।