বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় স্বামী বুদু মন্ডলকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে আসামির উপস্থিতিতে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বুদু মন্ডল বগুড়ার কাহালু উপজেলার উলখার এলাকার মৃত মেছের আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট নাছিমুল করিম হলি।
আদালত সূত্র জানায়, ২০০১ সালে ভ্যানচালক বুদু মন্ডলের সঙ্গে আলেফা খাতুনের বিয়ে হয়। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঝগড়ার পর স্ত্রী আলেফা খাতুনকে গলাটিপে হত্যা করেন বুদু মন্ডল।
পরদিন থানায় বুদু মন্ডলকে একমাত্র আসামি করে নিহতের ভাই আমির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
পরে একই বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মন্ডল। একই বছরের ১৬ মার্চ কাহালু থানার এসআই আনিছুর রহমান বুদু মন্ডলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার দুপুরে আদালত মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।
আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, আদালত ওই মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।