যশোরের চৌগাছায় সোমবার সকালে কায়েম আলী (৫০) নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
পুলিশের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।
নিহত কায়েম আলী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজীরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিঙের বিল এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে চৌগাছা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
নিহতের ছোট মেয়ে শারমিন জানান, বাবার সাথে সর্বশেষ সোমবার রাত ১০টা ৩১ মিনিটে কথা হয় তার। এ সময় শারমিনকে তার বাবা জানান তিনজনকে নিয়ে একটি ভাড়ায় যাচ্ছেন, ফিরতে একটু দেরি হবে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, কারা কায়েমকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি।
প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের জন্য পুলিশ তৎপর আছে বলে জানান ওসি।