মোরেলগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাড়িতে হামলা, যুবক আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে একটি হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল গ্রামবাসী। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার রাত আটটার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক কৌশিক বিশ্বাস (২৩) আমুরবুনিয়া গ্রামের রমণী বিশ্বাসের ছেলে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এক সপ্তাহ আগে কৌশিক বিশ্বাস নামে এক যুবক ভারতে বসে ‘জেহাদি তোষনকারী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট দেয়। ওই পোস্ট দেয়ার পর সে বাংলাদেশে তার গ্রামের বাড়িতে আসে। তার দেয়া পোস্টটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে সোমবার বিষয়টি মীমাংসার জন্য বৈঠক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৈঠকে কৌশিক তার ভুলের জন্য ক্ষমা চাইলে ঘটনাটি মীমাংসা হয়ে যায়। কিন্তু সোমবার রাত আটটার দিকে একদল গ্রামবাসী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কৌশিক বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে এসে তাদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তারা একটি খড়ের গাদায় অগ্নিসংযোগও করে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশ রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কৌশিক বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।