সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পাথরবাহী ট্রেনে কাটা পড়ে আরজু হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে লুপ লাইনে এ ঘটনা ঘটে।

নিহত আরজু হোসেন শহরের পুরাতন বাবুপাড়ার হায়দার আলীর ছেলে। তিনি মকবুল হোসেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

ছেলেটির বাবা-মা দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি তার ছোট চাচার বাসায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি সৈয়দপুর পৌরবাজারের একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় পাথরবাহী ট্রেনে কাটা পড়েন আরজু। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. আলমগীর হোসেন জানান, ওই শিক্ষার্থী তার ব্যবহৃত মোবাইল ফোনে কোনো বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় পয়েন্টম্যানদের সিগন্যাল তিনি বুঝতে না পারায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহার করা একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।