হাজীগঞ্জে পুকুরে ডুবে মারা গেছে দুই ভাই। উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মাকুন্দসার পাটোয়ারী বাড়িতে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাইমুন (৭) ও তামিম (৫) সাইফুল ইসলাম পাটোয়ারীর সন্তান। এ ঘটনায় গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া।
স্থানীয় আলমগীর কবির জানান, সহোদর সাইমুন আর তামিম সবসময় একত্রে খেলাধুলা করত। হঠাৎ করে দুপুরের পর থেকে দুজনই নিখোঁজ হয়। পরে প্রায় এক ঘণ্টা পর নিজেদের বাড়ির পুকুরে ভেসে উঠে সাইমুন আর তামিমের মরদেহ।
অন্যদিকে কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউপির পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইনউদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারজানা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দুপুর সাড়ে ১২টায় দুজনের দেহ পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।