শিবচরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে শিবচর পৌর এলাকার গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পিটুনিতে ওই শিক্ষার্থী এখন ভুগছে জ্বরে।
আহত শিক্ষার্থী জানায়, অন্য এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে সাইদুর রহমান রিপন স্যার তাকে গাছের ডাল ভেঙে পেটান। ওই স্যার তাকেসহ তিনজনকে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন।
আহত ছাত্র আবু হানিফের দাদা বলেন, ‘আমার নাতিকে রিপন মাস্টার গাছের ডাল ভেঙে পিটিয়েছে। ওই শিক্ষকের বিচার চাই।’ অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান রিপন মোবাইল ফোনে মন্তব্য করতে রাজি হননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক বলেন, মঙ্গলবার ছেলেটির মা আমাকে মৌখিকভাবে জানান। তার ছেলেকে আমাদের স্কুলের সহকারী শিক্ষক প্রহার করেছেন। শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কোনো শিক্ষকই ছাত্রকে পেটাতে পারেন না।