ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরে আলু পচে যাওয়ার প্রতিবাদে কোল্ড স্টোর ঘেরাও এবং ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন কয়েক শ চাষি।
বৃহস্পতিবার দুপুরে হিমাগার ঘেরাও করেন তারা।
এ সময় মালিকপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন চাষিরা। পরে ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত কয়েক শ চাষি।
এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন, হিমাগার কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় দেড় মাসের ব্যবধানে হঠাৎ আলুতে পচন ধরেছে। এতে লোকসানের মুখে পড়েছে কয়েক শ চাষি ও ব্যবসায়ী।
অবিলম্বে আলুর ক্ষতিপূরণের দাবি জানান তারা।
শিবগঞ্জ এলাকার কৃষক মো. মানিক বলেন, তিনি ২৫ শ বস্তা আলু রেখেছেন। কিন্তু তার কতটুকু পচে গেছে তা হিমাগার কর্তৃপক্ষ প্রকাশ করছে না। এ নিয়ে চিন্তিত তিনি।
পূর্বপারপুগী গ্রামের চাষি মিজানুর রহমান অভিযোগ করেন বলেন, তিনি ২০৫৭ বস্তা আলু রেখেছেন। এক মাসের একটু বেশি সময়ের মধ্যেই কেন আলুতে পচন ধরল এটা রহস্যজনক। এ জন্য তিনি হিমাগার কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন।
একই এলাকার মো. ফারুক হোসেন বলেন, অগ্রিম ভাড়া দিয়ে রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরে ২৩ শ বস্তা আলু রেখেছি। তার আলু পচতে শুরু করেছে এমন খবর পেয়ে দুশ্চিন্তায় আছি।
তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন হিমাগার মালিক কর্তৃপক্ষের কাছে।
হিমাগার মালিক হাবিবুল ইসলাম বাবলু আলু পচে যাওয়ার সত্যতা নিশ্চিত করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।