ফেনীতে কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

ফেনীতে এক কিশোরকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে মো. ইউনুস (৩৫) নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তারের পর রাতে বরখাস্ত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

মো. ইউনুস ফেনী মডেল থানার ওসির গাড়ি চালক।

মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করেন, তার ছেলে শহরের একটি দোকানে চাকরি করেন। সে সুবাদে গত ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে রামপুরস্থ তার বাড়ি যাচ্ছিল। এ সময় মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছালে পথিমধ্যে গতিরোধ করে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে অজুহাতে তাকে আটক করে।

পরে একই এলাকার নাইট হোল্ড নামের একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করেন কনস্টেবল ইউনুস। এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে নির্যাতন করেন।

চলতি বছরের ৫ মার্চ অভিযুক্ত পুলিশ সদস্য মো.  ইউনুস ফের নতুন একটি মোবাইল সেট উপহার দেয়ার লোভ দেখিয়ে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায় কিশোরকে। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার যৌন নির্যাতন করে। পরে ওই কিশোর উপহারের সেই মোবাইল সেটটি অন্যত্র বিক্রি করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মো. ইউনুস মোবাইল সেটটি চুরি হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল সেটটি পুলিশ উদ্ধার করলে কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্তপূর্বক সত্যতা পেয়ে আসামি ইউনুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে  বরখাস্ত করা হয়েছে।