জমি নিয়ে বিরোধ: অ্যাসিড হামলায় শিশুসহ আহত ৭

কক্সবাজারের মহেশখালীতে জমি বিরোধ নিয়ে অ্যাসিড হামলায় শিশুসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে কালারমার ছড়ার ফকিরজুম পাড়ার এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফকিরজুম পাড়ার এমদাদ আলীর ছেলে আজগর আলী (৫০), এছম আলী (৪৮), মনু মিয়া (৬৫), আব্দুল্লাহ (১) এবং ওয়াফা মনি (৫)।

একই সময় দেশীয় অস্ত্রের কোপে আহত হয়েছেন একই এলাকার হাকিম আলীর স্ত্রী জয়নব বাহার (৫০) এবং তার ছেলে রাসেল (২৭)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে অ্যাসিড (সাদৃশ্য) আক্রান্ত রোগী হওয়ায় দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালারমার ছড়ার ফকিরজুম পাড়ায় মৃত এমাদতের ছেলেদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এই জেরে সেহরির সময় তাদের কথা-কাটাকাটি হয়। পরে সকাল ১১টার দিকে আবারও ঝগড়া হয়। উভয় পক্ষেই হামলা হয়। হঠাৎ ঘর থেকে হাকিম আলী অ্যাসিড এনে তার ভাইদের দিকে নিক্ষেপ করেন। এ সময় তাদের মুখ ও চোখ ঝলসে যায়। ঘটনাস্থলে দুই শিশু ও আংশিক আহত হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলেন, কালারমার ছড়ায় অ্যাসিড (সাদৃশ্য) বস্তুর নিক্ষেপে কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। মূলত অ্যাসিড কিনা সেটা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।