হামলায় বিএনপির সম্মেলন পন্ড, আহত ১০

পদবঞ্চিতদের হামলায় পন্ড হয়ে গেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চিটাগংরোড ফজর আলী গার্ডেন সিটির তৃতীয় তলায় গ্র্যান্ডতাজ পার্টি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সম্মেলনের মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেন। এ ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে সম্মেলন স্থগিত করা হয়।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। থানা ও ওয়ার্ড কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষিপ্ত ছিলেন বিএনপি নেতা সাবেক এমপি গিয়াস উদ্দিন সমর্থকরা। ফলে সম্মেলন বানচাল করার পরিকল্পনা করেন তারা। এ অবস্থায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটুকে প্রধান অতিথি করে সম্মেলনের আয়োজন করা হয়। ১০টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিথিরা আসার আগেই ৯টার দিকে গিয়াস উদ্দিন সমর্থক নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা বিএনপির সদস্য ইকবাল হোসেনের নেতৃত্বে পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে ভবনের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে উপস্থিত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মঞ্চ ও পার্টি সেন্টার ভাঙচুরসহ নেতাকর্মীদের মারধর করা হয়। এতে পন্ড হয়ে যায় সম্মেলন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহ আলম হীরা বলেন, ‘দলীয় কোন্দল সৃষ্টিকারী গিয়াস উদ্দিন সমর্থিত বিদ্রোহীদের হামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, থানা আহ্বায়ক আবদুল হাই রাজুসহ ১০ জন আহত হয়েছেন। তারা দলীয় ব্যানার পেস্টুন পদদলিত করেছে।’

কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘ত্যাগী নেতাকর্মীরা দলীয় পদ পদবি থেকে বঞ্চিত। আজকের সম্মেলনের বিষয়ে অধিকাংশ নেতাকর্মীকে জানানো হয়নি। বহিরাগত লোক দিয়ে সম্মেলন করতে চেয়েছিল তারা। স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশে এ ঘটনা ঘটেছে।’ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘সম্মেলন শুরুর আগেই আকস্মিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। সাময়িকভাবে সম্মেলন স্থগিত করা হয়েছে।’