পঞ্চগড়ের বেশ কিছু এলাকায় বাড়ির মেঝেগুলো ভিজে যাচ্ছে ভূগর্ভস্থ পানিতে। কোনো কোনো বাড়ির মেঝেতে পানি জমে যাচ্ছে। হঠাৎ করেই এমন ঘটনায় বিস্মিত অনেকে। আতঙ্কেও ভুগছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন, ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই এমনটা ঘটছে। আপাতত কোনো সমাধান না থাকলেও আতঙ্কের কিছু নেই।
পৌর শহরের ডোকোরোপাড়া এলাকার আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের বাড়ির টাইলসের মেঝে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ভেজা ভেজা লাগতে শুরু করে। তার পরিবারের লোকজন প্রথমে কিছু বুঝতে পারেননি। এক ঘণ্টার ব্যবধানে পানি জমতে শুরু করলে তারা আতঙ্কিত হয়ে ওঠেন। তারা আশপাশের বাড়িগুলোতে খোঁজ নিতে শুরু করেন। প্রায় প্রত্যেক বাড়ির মেঝেগুলো ভেজা। কোনো কোনো মেঝেতে হাফ ইঞ্চি পানি জমে গেছে। প্লাস্টার করা বা টাইলসের মেঝেতেই এমন অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বেশি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘পঞ্চগড়ের মাটির নিচে অনেক পাথর, বালি থাকার কারণে ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে গেছে। সেই তুলনায় উপরিভাগের তাপমাত্রা কম। অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটির নিচের পানি উপরিভাগে উঠে আসতে পারে। তবে এমন ঘটনা শুধু পাকা বাড়িতেই দেখা যাবে বেশি। এর কারণ পাকা বাড়ি নির্মিত হয় ইট-সিমেন্ট দিয়ে। এসব বাড়িতে মেঝেগুলোতে তাপমাত্রা আরও বেড়ে যায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ঘটনা ঘটছে।’