চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর পাড়া গ্রামের সড়কটি দখলে বিলীনের পথে। সরকারি সিট অনুযায়ী, সড়কটি ১২ ফুট প্রস্থের হলেও বর্তমানে এটি ৩ ফুটেরও কম অবশিষ্ট রয়েছে। বাকি ৯ ফুট দখল করে নিয়েছে রাস্তার দুই ধারের দখলকারীরা। এ অবস্থায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ওয়াহিদুর পাড়া গ্রামের সড়কটি দিয়ে অন্তত ২৫০ পরিবারের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে দখল করে আসছে স্থানীয় কিছু দখলদার। শিলক মৌজার ১ নম্বর সিটের ৫৩১ ও ৫৩০-এর উত্তর পাশে এবং ৫৩৮ ও ৫৩৭ বিএস দাগের দক্ষিণ পাশে বর্তমান শিলক উপথানা থেকে পুকুরপাড় পর্যন্ত সরকারি সিট মোতাবেক প্রায় ১২ ফুট রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে সড়কটি দখল হতে হতে ৩ ফুটে এসে ঠেকেছে। এতে চরম বেকায়দায় পড়েছেন যাতায়াতকারীরা। স্থানীয় বাসিন্দা এনামুল হক রুবেল, আবদুল হালিম ও নেজাম উদ্দিন বলেন, ‘সড়কটি দিয়ে বর্তমানে একটি লাশের খাটিয়াও বের করে আনা সম্ভব নয়। সড়কের দুই পাশের লোকজন এটি দখল করে চলেছে। এ বিষয়ে তাদের একাধিকবার বলেও কোনো লাভ হয়নি। বিষয়টি উপজেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলে তারা এসে তদন্ত করে গেছেন। বর্তমানেও সড়কটি দখল করে স্থাপনা নির্মাণের কার্যক্রম চলছে।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সড়ক দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। স্থানীয় তহশীলদারে মাধ্যমে দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাটি ডিসি অফিসে পাঠিয়ে উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’