কুমিল্লার নগর উদ্যানে আড্ডা দেওয়া দুই কিশোর-কিশোরীর সঙ্গে অসদাচরণের দায়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই দুই সদস্যকে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
দুই কিশোর-কিশোরীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নববর্ষের দিন কুমিল্লার নগর উদ্যানে বসে গল্প করছিল দুই কিশোর-কিশোরী। এ সময় পেছন থেকে ভিডিও করতে করতে তাদের সামনে গিয়ে পরিচয় জানতে চান ডিবি পুলিশের এক সদস্য। তাদের দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি। এ সময় কিশোরীর মাস্ক খোলার জন্য বলতে গিয়ে তাকে ‘তুই’ করে সম্বোধন করেন পাশে থাকা আরেক সদস্য। এরপরই পরিচয় জানতে চাওয়া সদস্য ওই কিশোরকে বলেন, ‘মুড়ায়া ছাতনা ছিরালামু একবারে।’
ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। বিষয়টি নজরে আসার পর বিকেলে ওই দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয় বলে জানান পুলিশ সুপার ফারুক আহমেদ।