কক্সবাজারে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ বিভিন্ন মামলার ২১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্স হলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গত ৪৮ ঘণ্টা কক্সবাজার শহর জুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের পাঁচটি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন। বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ ও পরে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।